বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে রাজধানীর গোলাপবাগ মাঠে বক্তব্য দিয়েছেন নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।
আজ শনিবার বেলা ১১টায় শুরু হওয়া সমাবেশে তারা নিজেদের বক্তব্যে দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
ইশরাক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের অবৈধভাবে আটক করে রেখেছে। অবৈধ ফ্যাসিবাদি খুনি সরকার আওয়ামী লীগের রক্ষী বাহিনীকে দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে জনতার বুকে গুলি চালিয়ে ন্যক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, আজকে থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নির্দেশে কোটি মানুষের উপস্থিতিতে এ সরকারের পতন ঘটানো হবে।
বিএনপি নেতা তাবিথ আওয়াল বলেন, আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।
তিনি আরও বলেন, রাজপথে ফয়সালা হয়েই গেছে; এই অবৈধ সরকারকে অবিলম্বে যেতেই হবে। তাদেরকে আমরা চাই না। আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি। তাদের এই দেশে এক মুহূর্ত থাকার আর কোনো অধিকার নেই। আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বোই।
