সমাবেশ ঘিরে রাজধানীতে ৩৪ হাজার পুলিশ মোতায়েন

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পুরো রাজধানীতে ৩৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিয়োজিত রয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান, পুরো রাজধানীতে পুলিশের ৩৪ হাজার সদস্যের ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হাফিজ আক্তার বলেন, অনুমতি পাওয়ার পর থেকেই অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা আসছেন। কাল রাত থেকেই আসছে, এখনো আসছে। সবকিছু এখনো স্বাভাবিক আছে, তারা জড়ো হচ্ছে।

তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে চলে যাবেন, সেটাই আমরা আশা করছি।

সার্বিক নিরাপত্তা সম্পর্কে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, সমাবেশ তো গোলাপবাগে। তবে পুরো ডিএমপি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বিভাগেই পুলিশ মোতায়েন করা আছে।

হাফিজ আক্তার বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বিধানে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকসহ কেপিআইভুক্ত সব প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জন চলাচল কোথাও বন্ধ রাখা হয়েছে। চাইছি সমাবেশ শান্তিপূর্ণ হোক, জননিরাপত্তা বিঘ্নিত না হোক।

তিনি আরও বলেন, সমাবেশ কেন্দ্রিক, সমাবেশস্থলসহ পুরো ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব, আনসার, পুলিশ মোতায়েন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *