আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ফখরুল সাহেবকে আমি বলতে চাই, আমাদের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এরমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে রাতের অন্ধকারে শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর পুড়িয়েছে। তারা আগুন-লাঠি নিয়ে আসবে, এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যানকে ফখরুল সাহেব বলেন “খাঁচা”।’
সোমবার (৫ ডিসেম্বর) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আওয়ামী লীগ নোয়াখালী জেলার ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রস্তুত থাকুন। খেলা হবে, হবে খেলা। এই ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খেলা হবে স্লোগান মির্জা ফখরুলের পছন্দ নয়। আরও কারও কারও পছন্দ নয়। কিন্তু যে স্লোগান জনগণ পছন্দ করে, সেই স্লোগান আমি দিয়েই যাব। খেলা হবে।’
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আমি কারও অন্ধ সমর্থক নই। কাজ করে যারা, আমি তাদের পক্ষ কথা বলি। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরীকে ক্ষমা করে দিয়েছি। নোয়াখালী আওয়ামী লীগের রাজনীতিতে একটি সাময়িক কাঠামো তৈরি হয়েছিল, নেত্রীর পরামর্শে সেটা সমাধান হয়েছে। নোয়াখালীতে আমি আওয়ামী লীগের কোনো কলহ দেখতে ও রাখতে চাই না। আমি কলহমুক্ত আওয়ামী লীগ চাই।’
