তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় তালাবন্ধ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শাহনাজ বেগম (৪০) ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে ও রাসেল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জানকিপুর এলাকার মানিক মিয়ার সাথে প্রায় ৯ বছর আগে বিয়ে হয় শাহনাজের সাথে। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে। কিন্তু পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতে চলে যায় শাহনাজ।

প্রায় ৪ বছর আগে গাজীপুর জেলার শ্রীপুরের মজিবর রহমানের ছেলে রাসেলের বাসায় ভাড়া থাকাকালীন সময়ে তার দ্বিতীয় বিবাহ হয় রাসেলের সাথে। এক বছর পরেই শাহনাজ তার স্বামীকে নিয়ে নিজ বাড়ি শেরপুরের নকলার জানকিপুরে চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে পরিবারের সদস্যরা শাহনাজকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে দেখে শাহনাজ ঘরের এক কোনায় ফ্লোরে চিৎ হয়ে পড়ে আছে এবং আশপাশে রক্ত ছড়িয়ে আছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে শাহনাজের মরদেহ উদ্ধার করে।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, সুরতহালে মরদেহের চোখ ও মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *