ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে নূতন লিখেছেন, আমি শুধু ফুটবল বিশ্বকাপ নিয়ে পড়ে আছি। কোনো খবর দেখি না, শুনি না। আপনারা আমাকে একটু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক আর সামাজিক খবর জানিয়েন। আপনারাও রাইখেন, শুধু খেলা খেলা কইরেন না।
একই স্ট্যাটাসে তিনি লিখেছেন, এফডিসির খবর জানানোর দরকার নাই।
কেন এফডিসির কোনো খবর জানতে চান না নূতন? এ প্রসঙ্গে তিনি একটি গণমাধ্যমকে জানান, এত বছর এফডিসিতে কাজ করেছি, জীবনটাই কেটেছে সেখানে। কিন্তু এখন আমরা গুরুত্বহীন হয়ে গেছি।
নূতনের ভাষ্য, এটা শুধু আমার ক্ষেত্রে নয়। শাবানা আপা, সুচন্দা আপা, ববিতা আপা, অলিভিয়া আপা, শবনম আপা সবাই একসময় চলচ্চিত্রে রাজত্ব করেছেন। এ ছাড়া আমার সমসাময়িক অঞ্জনা, রোজিনা, সুচরিতা, চম্পা, অরুণা, অঞ্জুসহ অনেককেই এখন আর সিনেমায় দেখছি না। একজন শিল্পী তো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করবে।
তিনি জানান, সবশেষ ২০২১ সালে ‘দেশ নায়ক’ সিনেমায় আমাকে নেওয়া হয়েছিল। তবে সিনেমাটি কি কারণে মুক্তি দেওয়া হয়নি, সেটা জানি না। এরপর আমাকে আর কোনো সিনেমায় ডাকা হয়নি। বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের নিয়ে কাজ নয়। আমাদের এখানে সেটা হচ্ছে না। তাছাড়া সমিতির নির্বাচন নিয়ে যা হয়েছে তা থেকেই আমার কষ্ট। তবে কারো প্রতি আমার অভিমান নেই।
