প্রায় দুই বছর ধরে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির খোঁজ নেই। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ, এমনকি সহকর্মীদের সঙ্গে যোগাযোগও ছিন্ন করেছেন।
শোনা যাচ্ছিল, তিনি মা হয়েছেন। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এ সময়ে নতুন কোনো ছবিতে তাঁকে দেখা যায়নি, তাঁর কোনো ছবি মুক্তি পায়নি। এসব ধোঁয়াশার মধ্যেই তিন বছর পরে দেখা মিলবে পপির।
আড়ালে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুতকৃত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি। সেটি আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।।
সিনেমাটির প্রধান চরিত্রে আমিন খান ও পপি। আরও আছেন শিরীন শিলা, ইমন, সাগর সিদ্দিকী, রিপা প্রমুখ।
সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু–তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।’
সিনেমাটি নিয়ে বিভিন্ন সময় পপি গণমাধ্যমে বলেছেন, গল্পটি তাঁর খুবই পছন্দের। যে ধরনের গল্পে তিনি অভিনয় করে থাকেন, তার চেয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’–এর গল্প–ভাবনা ব্যতিক্রম। নির্মাণও তাঁর পছন্দ ছিল। সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটি একজন ডিবি কর্মকর্তার।
এই প্রসঙ্গে সিনেমার পরিচালক বলেন, ‘পপির খুবই পছন্দের গল্প ছিল। ও বলেছেও। কিন্তু এখন ওর সিনেমাটি নিয়ে সামনে আসা উচিত। পপির আড়াল ভাঙা উচিত। আর যদি সিনেমা না করে, তাহলে তার বলা উচিত, এটাই তার শেষ সিনেমা। তা না হলে কেন সে কারও সঙ্গে যোগাযোগ করছে না।’
