শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সম্পর্ক ভালো যাচ্ছে না শাকিব খান ও বুবলীর। কিছুদিন ধরে পাল্টাপাল্টি মন্তব্য করছেন দুজনে। এসব মন্তব্যের ভেতরেই বুবলী এড়িয়ে চলছিলেন গণমাধ্যম। এবার গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলার জবাব দিলেন বুবলী। শুধু তাই নয়, ভিডিও বার্তায় বুবলী জানালেন, তার সন্তানকে নিয়ে সংগ্রাম, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও তার প্রতি অপু বিশ্বাসের অভিযোগের বিষয়েও।
বুবলীকে এক তরফাভাবে দোষী করার বিষয়ে তিনি বলেন, ‘কোনো একটা ঘটনায় কেউ শতভাগ ভুল আবার কেউ শতভাগ নির্ভুল- এটা কি কখনো হয়? শতভাগ নির্ভুল- আসলে কতটা হয় আমি জানি না। ২০১৬ সালে আমি যখন শাকিব খানের সঙ্গে কাজ শুরু করি তখন ওনার আগের কোনো সম্পর্ক ছিল কিনা সেটা আমি জানতাম না। এমনকি পুরো বাংলাদেশের কেউই সেটা জানতো না।’
‘অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সংসার ভাঙার পেছনে বুবলীর হাত রয়েছে’- অপু বিশ্বাসের এমন অভিযোগের জবাবে বুবলী বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে যখন শাকিব খান সম্পর্কে ছিলেন তখন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আসিও নাই। পরে যখন শাকিব খানের সঙ্গে ছবি করেছি তখন কিন্তু শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের দূরত্ব ছিল। শুরুতে শাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক প্রফেশনাল হলেও পরে শাকিব খান চাচ্ছিলেন সেটেল হতে। তো সেইভাবেই সব হয়ে যায়।
কিন্তু তখন আমি বা কেউই আসলে জানতো না শাকিব-অপুর ব্যাপারটা। তাদের বেবি অ্যাবরশনসহ নানা ঘটনা ঘটেছে। এসবের মধ্যে তো আমি ছিলাম না। অপু বিশ্বাস নিজেও বলেছেন, যে তার সঙ্গে শাকিব খানের যোগাযোগ ছিল না দীর্ঘদিন। আর একটা সুখী সংসারে কখনো কেউ বলে না বেবি চাও না সংসার। এমন কন্ডিশন তো সুখী সংসারে থাকার কথা না। তো এসবের মধ্যে আমি না থাকলেও আমাকে জড়িয়ে অভিযোগ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, আমাকে ফোন করে বাজে ভাষায় কথাও বলেছিলেন তিনি। কিন্তু এসবের মধ্যে আমি ছিলাম না। আমার কারণে কারও সংসার ভাঙেনি।’
তিনি আরও বলেন, ‘আজ শাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক দেখে বা সংসারে নানা ঝামেলা দেখে তারা বলতে চেষ্টা করেন ‘ইউ ডিজার্ভ ইট’। কিন্তু না, আমি কারও সংসারের অশান্তির কারণ হইনি। বা তিনি (অপু বিশ্বাস) যখন আত্মগোপনে ছিলেন তখনও কিন্তু আমি ছিলাম না। তারা দুজনেই ম্যাচিউর মানুষ। সেখানে কারও দ্বারা ক্ষতি হতে পারে বলে মনে করি না। এখন কেউ যদি সম্পর্ক ভালো না হওয়ায় আগের সম্পর্ক গোপন রেখে অন্য আরেকটা সম্পর্ক করে বা বিয়ে করে সেক্ষেত্রে যাকে বিয়ে করল- এটা কি তার দোষ হয়ে যায়? কেউ যদি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্ক করতে চায়, তাহলে যার সঙ্গে সম্পর্ক করল এটা কি তার দোষ?’
বুবলী জানালেন, শাকিব খান নিজেকে তার কাছে সিঙ্গেল হিসেবেই উপস্থাপন করেছিলেন। সেই সুবাদেই তাদের মধ্যে ভালোলাগা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে যখন অপু বিশ্বাস টেলিভিশন লাইভে এসে বোমা ফাটালেন, অভিযোগের তির ছুটে আসে বুবলীর দিকেই।
অপুর সেই লাইভ নিয়েও এদিন কথা বলেন ‘বসগিরি’ নায়িকা। সিনিয়র অভিনেত্রী হিসেবে অপুকে সম্মানের চোখে দেখেন কিন্তু তার ওই দিনের আচরণে কষ্ট পেয়েছিলেন বুবলী। তার ভাষায়, ‘২০১৭-তে যখন বিষয়গুলো (অপু বিশ্বাসের সন্তান নিয়ে প্রকাশ্যে আসা) সামনে আসলো, তখন শাকিব খান নিজেও অবাক হয়েছিলেন। ওনার সঙ্গে যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে। অনেক বছর ধরে কাজ করেছেন। তাকে অবশ্যই আমি কাজের জায়গা থেকে সম্মান করি। তার সঙ্গে কখনই আমার সামনাসামনি দেখা হয়নি। ২০১৭ সালে তিনি লাইভে আসার আগে হঠাৎ আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন। আমি বুঝতে পারিনি কেন! ওই ব্যবহারের জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই বাজে ব্যবহারের কথা তিনি নিজেও পরবর্তীতে স্বীকার করেছিলেন।’
‘আমার কষ্টের জায়গা ছিল, আমি তো কিছুই জানি না। আমাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছিল, সেটা তো না। কেন আমাকে জড়িয়ে এভাবে বলা হচ্ছিল! সে কারণেই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম’— বললেন বুবলী।
