বিএনপির ‘সুর নরম’, সমাবেশের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত আজ

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বর সমাবেশ করার বিষয়ে এতদিন অনড় থাকলেও অবশেষে স্থান পরিবর্তনে রাজি হয়েছে বিএনপি।

আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশের মতিঝিল জোনের ডিসির সাথে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর আলোচনা শেষে নতুন ভেন্যুর বিষয় সিদ্ধান্ত হবে।

জানা যায়, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে অনড় থাকে বিএনপি। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বোরবার বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার গণসমাবেশের জন্য পুলিশের কাছে বিকল্প নতুন ভেন্যু চান। নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যান বাদে নতুন ভেন্যু হিসেবে আরামবাগের প্রসঙ্গ ওঠে। পরে এ নিয়ে রাতে পুলিশের মতিঝিল বিভাগের ডিসির সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এ প্রসঙ্গে এ্যানী রাত ৯টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, মতিঝিল বিভাগের ডিসির সঙ্গে বৈঠক হয়েছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করতে নিরাপদ মনে করছি না। তাই নয়াপল্টনের কথা আবারও তাকে বলেছি। এর বাইরে আরামবাগ নিয়েও আলোচনা হয়েছে। সোমবার (আজ) সিদ্ধান্ত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *