ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১, মাঝারি মানের।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।
এদিকে ৫.১ মাত্রার কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশের কোথাও কেউ হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।
