শাকিব-অপুর সংসার ভাঙনে আমার হাত নেই: বুবলী

বেবি বাম্প দিয়ে শুরু, পরে শাকিব খানের সঙ্গে বিয়ের খবর, সন্তান শেহজাদ খান বীরকে সামনে আনা, বিয়ের তারিখ জানানো, সন্তানের জন্মতারিখ প্রকাশ করেন অভিনেত্রী বুবলী। কিন্তু আরও অনেক প্রশ্ন পিছু ছাড়ছিল না বুবলীর। এর সঙ্গে যুক্ত হচ্ছিল সমালোচনা।

এমন নানা বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী বুবলী। সেখানে তিনি শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক ভাঙার কারণ যে তিনি নন, সেটি প্রমাণ করার চেষ্টা করেছেন।

ভিডিওতে তিনি আরও কথা বলেছেন নিজের জন্মদিনে শাকিব খানের দেয়া নাকফুল, তাজমহলে শাকিব খানের সঙ্গে ছবি, শাকিব খানের অর্থ সহায়তা দেয়ার গুঞ্জন, ভুল তথ্য দেয়া, শাকিবের বড় ছেলে জয়ের জন্মদিনে তার বেবি বাম্পের ছবি দেয়ার মতো নানা বিষয় নিয়ে।

অনেকবার অভিযোগ উঠেছে বুবলীর কারণে শাকিব-অপুর সংসার ভেঙেছে। এ বিষয়টি পরিষ্কার করে বুবলী বলেন, ‘‘আমি শাকিব খানকে জিজ্ঞাসা করেছিলাম। উনি অনেক আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, ‘আমি অনেক দিন ধরেই এ বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে এখানে তুমি সম্পৃক্ত নও।’ কিন্তু পরবর্তীতে আমাকেই দোষারোপ করা হলো। আমার কারণে নাকি শাকিব-অপুর সংসার ভেঙেছে! এটা স্পষ্ট করে বলতে চাই, আমার কারণে কারো সংসার ভাঙেনি।’’

কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে বুবলী বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় অপু বিশ্বাস যখন গোপনে আড়ালে চলে যান তখন আমি ছিলাম না। শুনেছি, অন্তঃসত্ত্বা অবস্থায় অপু বিশ্বাস অনেক কিছু খেতে চেয়েছেন। কিন্তু শাকিব খানের পরিবার থেকে নাকি দেওয়া হয়নি। ওই সময়েও তো আমি ছিলাম না। তারপরও আমাকে কেন দোষারোপ করা হয়? ফাইনালি শাকিব-অপুর বিয়েবিচ্ছেদ ঘটে। এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা দুজনেই ম্যাচিউর মানুষ। কারো প্ররোচণায় এই বিচ্ছেদ ঘটেছে— এটা কি সম্ভব? আমি মনে করি সম্ভব না! বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তাদের দুজনের না থাকে তবে বাইরে থেকে কেউ এসে এটা করাতে পারে না। একজন মানুষ যদি একটা সম্পর্কে থাকার পর আরেকটি বিয়ে করে; যাকে বিয়ে করলেন এটা কি তার ভুল?’

শাকিব খানের কিছু বক্তব্য উল্লেখ করে বুবলী বলেন, ‘‘শাকিব খান আমাকে বলেছিলেন, ‘এই সম্পর্কে (শাকিব-অপু) আমি সুখী নই।’ তার জায়গা থেকে আরো অনেক কথা আমাকে বলেছিলেন। কিন্তু কারো কারো সম্মান রক্ষার্থে কথাগুলো আগেও বলিনি, এখনো বলছি না। শাকিব খান এও বলেছিলেন, ‘একটি সম্পর্ক থেকে বেরিয়ে আমি যদি নতুন একটি সম্পর্কে জড়াই তাহলে সেখানে তো তোমার (বুবলী) কোনো দোষ নেই।’ আসলে শাকিব-অপুর সংসার ভাঙনে আমার কোনো হাত নেই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *