যদি জানতাম শাকিব বিবাহিত তাহলে বিয়ে করতাম না: বুবলী

কয়েকদিন আগে হিরার নাকফুল নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যা হলো তা কারও অজানা নয়। তাদের ঝগড়া তুঙ্গে তখন এতে যোগ দেন শাকিব। তিনি সংবাদমাধ্যমকে জানান, বুবলী-অপু দুজনেই তার অতীত। তাদের কারও সঙ্গে সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভবনা নেই।

এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন বুবলী। শাকিবের বিরুদ্ধে নিজের ইমেজ নষ্ট অভিযোগ আনেন। সংবাদ সম্মেলন করে সব কথা বলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সেসময় সংবাদ সম্মেলন না করলেও আজ শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এসে শাকিব-অপুও তার বিষয়ে খুলে বললেন সব। জানালেন, তিনি যখন সম্পর্কে জড়ান তখন জানতেন না শাকিব বিবাহিত। জানলে তাকে বিয়ে করতেন না।

বুবলী বলেন—‘২০১৬ সালে আমি যখন চলচ্চিত্রে কাজ শুরু করি। তখন শাকিব খান (আমার স্বামী, আমার সন্তানের বাবা) মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার কারণে ফিল্মে আসা, ওনার মাধ্যমে আমার ফিল্মে কাজ করার সুযোগ হয়। ওই সময়ে শাকিব খান কারো সঙ্গে সম্পর্কে ছিলেন, এ খবর আমি যেমন জানতাম না, তেমনি সাধারণ মানুষও জানতেন না। বরং খবরে দেখেছি, তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। ২০১৭ সালে তার বিয়ে-সন্তানের বিষয়গুলো সবার মতো আমিও জানতে পারি।’

শাকিবের সঙ্গে সিনেমায় কাজ শুরু করার পরই পরস্পরের মাঝে সম্পর্ক তৈরি হয়েছে বিষয়টি তা নয়। এ বিষয়ে বুবলী বলেন, ‘শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করতে গিয়ে ভালো লাগা তৈরি হয়েছে তা নয়। সময়ের সঙ্গে আস্তে আস্তে আমাদের মাঝে ভালো লাগা তৈরি হয়। শুরুতে খুব বন্ধুত্ব, প্রেম— এরকম কিছু ছিল না। কারণ আমরা সবাই পেশাদারিত্বের জায়গাটি ঠিক রেখে কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটল হতে। আমাকে উনি বলেওছিলেন, সেটল হতে চান।’

অপু বিশ্বাস মুঠোফোনে বুবলীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। তা উল্লেখ করে বুবলী বলেন, ‘উনি অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন। অপু বিশ্বাস আমার অনেক সিনিয়র। অনেক বছর ধরে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। উনার সঙ্গে সামনাসামনি কখনো দেখা হয়নি। ২০১৭ সালে লাইভ অনুষ্ঠানে আসার আগে উনি (অপু বিশ্বাস) ফোন করে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলেন। আমি জানতামও না উনি আমার সঙ্গে কেন এমনটা করেছিলেন। কারণ উনি আমাকে কিছু জিজ্ঞাসাও করেননি, কোনো কিছু ক্রস চেকও করেনি। কিন্তু আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছিলেন। ওই মুহূর্তের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পরবর্তীতে কষ্ট থেকে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলাম।’

‘আমি যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাকে বিয়ে করতাম না। সবকিছু জেনেশুনে কোনো ধরনের সমস্যা তৈরি করার মানসিকতা আমার নেই। যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা বিষয়টি জানেন।’ বলেন বুবলী।

অনেকবার অভিযোগ উঠেছে বুবলীর কারণে শাকিব-অপুর সংসার ভেঙেছে। এ বিষয়টি পরিষ্কার করে বুবলী বলেন, ‘‘আমি শাকিব খানকে জিজ্ঞাসা করেছিলাম। উনি অনেক আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, ‘আমি অনেক দিন ধরেই এ বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে এখানে তুমি সম্পৃক্ত নও।’ কিন্তু পরবর্তীতে আমাকেই দোষারোপ করা হলো। আমার কারণে নাকি শাকিব-অপুর সংসার ভেঙেছে। এটা স্পষ্ট করে বলতে চাই, আমার কারণে কারো সংসার ভাঙেনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *