বেবি বাম্প দিয়ে শুরু, পরে শাকিব খানের সঙ্গে বিয়ের খবর, সন্তান শেহজাদ খান বীরেকে সামনে আনা, বিয়ের তারিখ জানানো, সন্তানের জন্মতারিখ প্রকাশ করেন অভিনেত্রী বুবলী।
কিন্ত আরও অনেক প্রশ্ন পিছু ছাড়ছিল না বুবলীর। এর সঙ্গে যুক্ত হচ্ছিল সমালোচনা।
এমন নানা বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী বুবলী।
সেখানে তিনি শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক ভাঙার কারণ যে তিনি নন, সেটি প্রমাণ করার চেষ্টা করেছেন।
ভিডিওতে তিনি আরও কথা বলেছেন নিজের জন্মদিনে শাকিব খানের দেয়া নাকফুল, তাজমহলে শাকিব খানের সঙ্গে ছবি, শাকিব খানের অর্থ সহায়তা দেয়ার গুঞ্জন, ভুল তথ্য দেয়া, শাকিবের বড় ছেলে জয়ের জন্মদিনে তার বেবি বাম্পের ছবি দেয়ার মতো নানা বিষয় নিয়ে।
ভিডিওর একদম শেষের অংশে বুবলী বলেন, ‘কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য। ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও বিভিন্ন বিষয়ে ইনভলব করে ফেলেন। ওর কোনো দোষ নেই, ও তো ছোট মানুষ।’
বুবলীর কথায় স্পষ্ট হয়ে ওঠে বাচ্চাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য প্রায় তিন বছর অপেক্ষা করেও তা না পাড়ার আক্ষেপ।
বুবলী বলেন, ‘ওর তো তিন বছর প্রায়। আমরা চেয়েছিলাম যে, আমরা একসঙ্গে খুব সুন্দরভাবে ওকে সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলরেডি তিন বছর ওয়েট করেছি। ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারও বিষয়ে কোনো অভিযোগ করিনি, আজকেও করছি না।’
শেহজাদের জন্যই আসলে বুবলীর এ কথা বলা বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘না হলে ও হয়তো কখনও কোনো সময় প্রশ্ন করবে, মা তুমি তো কোনো কথা বলোনি কখনও।’
সন্তান সেহজাদের উদ্দেশ্যে বুবলী বলেন, ‘বাবা শেহজাদ, মা হয়ে তোমার পাশে সারাজীবন থাকব না বাবা। কিন্তু অন্যান্য মায়ের মতো তোমার জন্য অনেক কষ্ট করেছি এবং করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা।
’আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি থাকবো। তুমি মানুষের মতো মানুষ হও বাবা এবং একটি কথা মনে রেখো, তোমার মা-বাবা তোমাকে অনেক ভালোবাসে। আমি হয়তো আমার জায়গা থেকে সবসময় তোমাকে সেরাটা দিতে পারি না। তোমাকে অনেক ভালোবাসি।’
বুবলী বলেন, ‘আমি সিনেমায় আসি ২০১৭ সালে। সেসময় শাকিবের সঙ্গে যে অন্য কারও সম্পর্ক আমরা অনেকেই জানতাম না। আমি জানতাম তিনি সিঙ্গেল। তিনি আমাকে তখন মাঝে মাঝে বলতেন আমাকে কিছু শেয়ার করবেন।’
এ সময় বুবলী বলেন, ‘তার প্রতি ভালো লাগা ছিল না যে তা না। কিন্তু সেরকম প্রেম বা পাগলামির কিছু ছিল না। সেসময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। পরে অপু বিশ্বাস যখন লাইভে আসে তখন আমরা জানতে পারি তার সঙ্গে শাকিবের বৈবাহিক সম্পর্ক রয়েছে। এছাড়া অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। তখন আমি অবাক হই। কারণ আমরা সবাই জানতাম তিনি সিঙ্গেল। আমি যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাকে বিয়ে করতেম না।’
