কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সোমবার রাত ১টায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলবেন চোট থেকে সেরে ওঠা নেইমার। রোববার এমনটিই জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।
রোববার কাতারে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা ও কোচ তিতে। সিলভার কাছে প্রশ্ন রাখা হয়, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে নেইমার কি খেলবেন? পাশেই থাকা কোচ তিতে মাইক্রোফোন টেনে বলেন, ‘হ্যাঁ।’
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। এরপর থেকে তিনি ছিলেন ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায়। তাকে দ্রুত সারিয়ে তুলতে চলে নাসা প্রযুক্তিও।
গতকাল শনিবার রাতে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায় সাবলীলভাবেই ছুটছেন এই ফুটবল তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে নেইমারও লেখেন, ‘এখন ভালো অনুভব করছি। আমি জানতাম যে ফিরতে পারব।’
সার্বিয়ার বিপক্ষে আসরে দলের প্রথম ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। আঘাত গুরুতর হওয়ায় গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
