লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে মাঠে নামলে, সামনের দিনে ‘খবর আছে’ বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ফখরুল সাহেব, অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছে, আপনাদের মিটিংয়ে কেউ ডিস্টার্ব (বিরক্ত) করবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকাতেও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছেন। ঠিক আছে? খেলা হবে। এরপরও যদি বাড়াবাড়ি করেন, লাফালাফি করেন, আগুন নিয়ে নামেন, এরপরও যদি লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে নামেন, তাহলে খবর আছে।’
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে কাদের বলেন, ‘যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, যেখানে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তিনি (ফখরুল) নাকি স্বাচ্ছন্দ বোধ করেন না। কারণ মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে।’
ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ মন্তব্য করে কাদের বলেন, ‘সম্প্রতি তিনি বলেছেন সেইফ এক্সিট করতে। আমরা তাকে বলছি, নির্বাচনই হবে সেইফ এক্সিটের একমাত্র পথ। কোনো চোরা রাস্তায় ক্ষমতায় যাওয়ার বাসনা করবেন না।’
তিনি বলেন, পাল্টাপাল্টি আমরা করবো না। আমরা শান্তি চাই। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় থেকে আমরা কেন অশান্তি সৃষ্টি করবো! মানুষকে কেন আতঙ্কে রাখবে? আমরা তো মানুষকে শান্তিতে রাখতে চাই। অশান্তি হলে তো আমাদের সেখানে মাথা ঘামাতে হবে।
