এখন বলতে গেলে প্রমাণ নিয়ে মাঠে নামতে হবে: বুবলী

অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের ইতিবাচক বার্তা দিলেও সেটা ইতিবাচক থাকছে না। বিয়ের ঘোষণা ও সন্তানকে প্রকাশ্যে আনা নিয়ে শাকিবের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে।

শাকিবের সঙ্গে টানাপড়েন গোপন রাখতে চাইলেও পারেননি। শাকিব নিজেও প্রকাশ করছেন সেসব, অন্যদিকে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসও আকারে ইঙ্গিতে বোঝাতে চাইছেন বুবলীর সঙ্গে শাকিবের এখন কোনো সম্পর্ক নেই।

আর এসব পরিষ্কার করতে গিয়ে বুবলী সংবাদ সম্মেলনও আহ্বান করেছিলেন। যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বুবলী মনে করছেন, তৃতীয় কারো চাপে পড়ে শাকিব তার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছেন।

বিষয়টি নিয়ে এবার একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, আমার দিক থেকে সব স্বাভাবিক। কিন্তু শাকিবের দিক থেকে স্বাভাবিক হচ্ছে না। আমার মনে হচ্ছে, আমাদের মাঝে তৃতীয় একজন এসেছেন, যার কারণে অনেক কিছুই অস্বাভাবিক হয়ে উঠছে, যা কাম্য নয়। আমি কিছু বললেই তৃতীয় পক্ষ তাকে ভুলভাল বুঝিয়ে হয়তো বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। শাকিবও সেদিকে যাচ্ছে।

আপনি শাকিব খান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করতে চাইছেন?, বুবলী বলেন, আমি শাকিব খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে চাইনি। চেয়েছি, আমাদের মধ্যকার বিষয়গুলো সবার কাছে পরিস্কার করতে। এত বছর ধরে কিছু অপবাদ মাথায় নিয়ে ঘুরছি। আমার মনে হলো, সেগুলো সবাইকে জানানো উচিত। তাই সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম।

শাকিবের চাপে তা করলেন না? নায়িকা বলেন, তা হবে কেন। এখন করিনি বলে যে করব না, তা কিন্তু নয়। এখন আমার কাজের বেশ ব্যস্ততা চলছে। এর মাঝে সংবাদ সম্মেলন করলে শুটিংয়ে ব্যাঘাত ঘটবে। তাই কিছুদিন সময় নিচ্ছি। সময়-সুযোগ করে একদিন সব বিষয় সবাইকে জানাব।

শাকিব খান বলেছেন, আপনার সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এর পরও আপনি চুপ! বুবলী বলেন, তার মনে হয়েছে, সে বলেছে। এভাবে বললে আমি কী বলব! আগেও বলেছি, আর কত বলব! এখন বলতে গেলে প্রমাণ নিয়ে মাঠে নামতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *