আমার প্যানেলের কেউ নিপুণকে সমর্থন করেননি: জায়েদ খান

সম্প্রতি জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত’ দায়িত্ব পালন করতে পারবেন নিপুণ।

এদিকে এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিপুণ পালন করায় জায়েদ খানের প্যানেলের বিজয়ীরা সমিতির মিটিংয়ে অংশ নেননি। এবার আদালত তাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত’ দায়িত্ব পালন করতে বলতেই তার পাশে দেখা গেছে জায়েদ প্যানেলের প্রায় সবাইকে।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত মিটিংয়ে অংশ নিয়েছেন তারা। এতে অনেকেই ভাবছেন, জায়েদ খানের প্যানেলের বিজয়ীরা নিপুণকে সমর্থন দিয়েছেন বা বরণ করে নিয়েছেন।

তবে জায়েদ এমনটা মনে করছেন না। শিল্পী সমিতির সাবেক এই নেতা এখনও মনে করছেন তার প্যানেলের প্রতিনিধিরা নিপুণকে সমর্থন করেননি।

তিনি বলেন, ‘আমার প্যানেলের নির্বাচিতরা নিপুণকে সমর্থন দিয়েছেন, এই তথ্য সঠিক নয়। তারা সমিতিতে গিয়েছিলেন সভাপতির আমন্ত্রণে। যেহেতু তারা নির্বাচিত প্রতিনিধি, তাই সমিতির কার্যক্রমে অংশ নিতেই পারেন।’

জায়েদ খান বলেন, ‘সাধারণ শিল্পী, যাদের ভোটে আমার প্যানেলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তারা বলছিলেন ওনারা সমিতিতে আসেন না, আমরা কি তাহলে ভোট দিয়ে ভুল করলাম! ভোটারদের সম্মানের জন্য, ভোটের অধিকারের জন্য আমার প্যানেল থেকে নির্বাচিতরা সমিতিতে গেছেন। তার মানে এই নয় যে, তারা নিপুণকে বরণ করতে গেছেন, তারা আমার সঙ্গে নেই।’

নিপুণ যে রায় পেয়েছে সেই রায় তাহলে মানছেন না? জায়েদ খান বলেন, ‘আদালত আগের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন, তার মানে নিপুণ বহাল আছে সেটা কিন্তু নয়। আদালতের স্টে অর্ডার পেয়ে নিপুণ একটা অবৈধ রায় নিয়ে সমিতিতে বসে আছে।’

অভিনেতার দাবি, ‘সোহান ভাইয়েরা যে রায় দিয়েছে সেটা কিন্তু আদালতের রায় নয়। সেটা একটা অবৈধ রায়। সেই রায়ের বিরুদ্ধে রিট করেছিলাম। সেটা স্থগিত করেছে। এর বিরুদ্ধে আবার আপিল হবে, আবার শুনানি হবে, তারপর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত রায়কেও রিভিউ করা যায়। প্রক্রিয়ার শেষ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *