অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট ও বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী। এসব মাধ্যমে কাজের খবর যেমন ভক্তদের সঙ্গে শেয়ার করেন, তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি ও ভাবনার কথাও প্রকাশ করেন এই নায়িকা।
আজ যেমন তিনি দিয়েছেন ব্যায়ামের ছবি। বাসার ছাদে ব্যায়ামের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বুধবারের প্রেরণা’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ভাবনা সম্পর্কে কিছু তথ্য।
এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করলেও বাবা হাবিবুল ইসলামের কোনো সিনেমায় কাজ করা হয়নি অভিনেত্রী ভাবনার। তাঁর বহুদিনের ইচ্ছা ছিল, বাবার পরিচালনায় অভিনয় করবেন। অবশেষে সে ইচ্ছা পূরণ হতে হয়েছে। অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’-এ বাবার পরিচালনায় অভিনয় করছেন তিনি। ২২ নভেম্বর থেকে রাজবাড়ীর লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং।

পেশায় অভিনয়শিল্পী। এর বাইরেও আলাদা একটা গুণ আছে আশনা হাবিব ভাবনার। অভিনয়ের ফাঁকে ফাঁকে ক্যানভাসে নানা ধরনের ছবি আঁকেন তিনি। নিজের আঁকা ছবি বিক্রি করে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ভাবনা।
দীর্ঘদিন ধরে ভাবনা অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও মঞ্চে তিনি কখনো অভিনয় করেননি। তবে সম্প্রতি তার সেই স্বাদ পূরণ হয়েছে। ভাবনা প্রথমবারের মতো মঞ্চ নাটকে অভিনয় করলেন।

তিনি বলেছিলেন, ড. নীলিমা ইব্রাহিমের বই ‘আমি বীরাঙ্গনা বলছি’। সেই বইটা থেকে একটি অংশে আমরা অভিনয় করেছি। প্রথমবার মঞ্চে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত ভাবনা।
সেই উচ্ছ্বাস ও ভালোলাগা তিনি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ভাবনা লিখেছিলেন, প্রথমবার মঞ্চে অভিনয় করলাম। এ এক অন্যরকম অনুভূতি। নিজেকে আমি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চাই সবসময়, অভিনেত্রী হিসেবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই সবসময়। ভালো অভিনেত্রী হতে চাইলে অবশ্যই শেখার শেষ নেই। এই যাত্রায় আমি তাদের বেশি ধন্যবাদ দিতে চাই যারা আমার পাশে ছিলেন না। যারা সবসময় সবকিছুতেই হাসাহাসি করতে পছন্দ করেন মানুষকে নিয়ে।

আমি জানি এখন বলবেন, নায়িকা হয়ে আবার থিয়েটার! তিনি এ বিষয়ে বলেন, ভুলে যাবেন না পৃথিবীর সব বিখ্যাত অভিনেতারা থিয়েটার করেই বড় অভিনেতা হয়েছেন। আমি কখনো আমার কাজের সঙ্গে অসততা করি না। পুরোটাই চাই আমার। ভালো অভিনেত্রী হওয়ার জন্য আমাকে যত কষ্টই করতে হোক না কেন, আমি করবো। আমি কখনো বসে থাকি না আর থাকবোও না। নিজের কাজটা প্রতিনিয়ত করে যাওয়াটাই আমার কাজ।
