বাসা থেকে বের হলেই মগবাজার ফ্লাইওভারের নীচে দেখি নানান ব্র্যান্ডের গাড়ী বাইক শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, ফাঁকা জায়গা ব্যবহারের অতি উৎকৃষ্ট পন্থা। অপরাধ সংক্রান্ত মামলা কিংবা অহেতুক জটিলতায় দেশের সব পুলিশি এলাকায় পরিত্যক্ত গাড়ীর বিশাল আটকাবস্থা চোখে লাগে। সিস্টেমের ভুলে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েই যাচ্ছে।
আমিও এই বাংলাদেশে গার্বেজ ঘোষণার পূর্বেই পরিত্যক্ত এক মাল। চৌদ্দ বছর ওপেন স্টেজে পেশাদারীত্ব নিয়ে গাইতে পারিনা, পাসপোর্টের অভাবে বিদেশেও পারফর্ম করার সুযোগ নেই। দেশের ভিতরেই আজব অন্ধ প্রকোষ্ঠে বসবাস আমার।
সেই ২০২০ সালের ২৭ শে ফেব্রুয়ারি কনসার্ট করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ইদানীং কর্মহীন শরীরে আলস্য চলে এসেছে, রোগও বাসা বেঁধেছে। ডাক্তার বন্ধুদের অবজার্ভেশনে আমি এখন রোগাক্রান্ত নির্লিপ্ত এক প্রজাতি বিশেষ। যা খেয়ে বাঁচতাম সেসব খাবারও এখন নিষিদ্ধ। রক্তের বিভিন্ন ডিপার্টমেন্ট বলে সূর্যের আলোয় এসো, কায়িক পরিশ্রমে নিজেকে ফিট রাখো।
বিশ্বকাপের প্রথমদিনেই আমার পা গেল মচকে। লিগামেন্টে চিড় ধরেছে, একুশ দিনের ক্যাচাল। এরপর থেকেই নিজেকে ফ্লাইওভারের নীচে আটকে থেকে পঁচে যাওয়া দামী ব্র্যান্ডের অকেজো গাড়ীগুলোর কোন একটা স্যাম্পল মনে হচ্ছে, আবার দেখেছি উন্মূক্ত জায়গায় আটকে থাকা গাড়ীর দেহে গাছও গজিয়ে গেছে।
কাতার বিশ্বকাপে ভাল লেগে গেল অদম্য মেন্টর গানিম আল মুফতাহ কে। উনার দু’টি পা নেই জন্ম থেকেই, গানিমের ইবাদতে হাফপ্যান্ট ফুলপ্যান্টের প্রশ্ন অবান্তর। আমারও জবান দেয়া ছিল প্রযোজকদের কিছু কাজ সম্পন্ন করে দেয়ার। পায়ের সমস্যা মাথায় যেন প্রেশার ক্রিয়েট না করে তাই বাধ্য হয়ে কমিটেড কাজগুলো করেছি, আলহামদুলিল্লাহ।
কাজ করার ইচ্ছা জীবিত থাকলে টুকটাক শারীরিক সমস্যা শুধুমাত্র অজুহাত হিসেবেই বাঁচতে পারে। গানিম আল মুফতাহ আশা প্রত্যাশা হতাশার বাইরে অনন্য এক স্পিরিট। তিনি ফিনিক্স, আমার জন্য অনন্য উদাহরন। আমিও ফিরবো, ফিরেই আসবো বারবার, আপনাকে বিরক্ত করার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। আমাকে সহ্য করার জন্য আপনিও ফিট থাকুন! ভালবাসা অবিরাম…
(কন্ঠশিল্পী আসিফ আকবরের ফেসবুক থেকে সংগৃহীত)





