মানুষের কষ্ট দেখে শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে: কাদের

দিনাজপুর: দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা সবাই দলকে এক করে রাখুন। ঐক্যবদ্ধ রাখুন। ত্যাগী নেতাদের গুরুত্ব দিন। বসন্তের কোকিলদের গুরুত্ব দেবেন না। বিপদের সময় বসন্তের কোকিলদের লাইট জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ত্যাগীদের সে সময় খুঁজে পাবেন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। দেশের সাধারণ মানুষ কষ্টে আছেন। স্বল্প আয়ের মানুষ কষ্টে আছেন। তা দেখে শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। তিনি সাধারণ মানুষদের জন্য কাজ করেন, চিন্তা করেন। এই জন্য প্রতিদিন রাতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমরা ভাগ্যবান, শেখ হাসিনার মতো নেতাকে পেয়েছি।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বলেন, ‘শেখ হাসিনা উদার বলেই আজকে সাজাপ্রাপ্ত আসামি হয়েও বেগম খালেদা জিয়া বাড়িতে অবস্থান করছেন। শেখ হাসিনা নিজের ক্ষমতাবলে খালেদা জিয়াকে বাড়িতে থাকতে অনুমতি দিয়েছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার বাড়ি তো ঠাকুরগাঁওয়ে। সমাবেশ কাকে বলে তা আজকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সমাবেশ দেখে যান। আপনারা কথায় কথায় বলেন, আপনাদের সমাবেশে ঢল নেমেছে। কথায় কথায় তরঙ্গ নেমেছে।’

‘কিন্তু ঢল কাকে বলে, নদী আর সাগরের তরঙ্গ কাকে বলে তা আজকে দিনাজপুরে আপনি দেখে যান। আপনারা সমাবেশের তিন দিন আগে থেকে হাঁড়ি, পাতিল, বিছানা, বালিশ নিয়ে নাটক শুরু করেন। সেই নাটকের অংশ থাকে মশার কয়েল। হায়রে নাটক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *