দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই: হিরো আলম

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম কী করেননি? মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, সিনেমা— সবকিছুরই স্বাদ নিয়েছেন তিনি। এরপর তরী ভিড়িয়েছেন সংগীতাঙ্গনে। অদ্ভুতরকম বেসুরো গলায় গান গেয়ে হয়েছেন তুমুল সমালোচিত। রবীন্দ্রসংগীতও নিস্তার পায়নি তার হাত থেকে।

বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গেয়ে ধমক খেয়েছেন প্রশাসনের। এরপর থেকে আর ও পথে না হাঁটলেও তিনি মনে পুষে বেড়াচ্ছেন অন্য এক ইচ্ছা। বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মঞ্চে পারফর্ম করেন হিরো আলম।

সোমবার (২১ নভেম্বর) আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঞ্চে হিরো আলম বলেন, আমি কোনোদিন ভাবতেও পারিনি ওপার বাংলা (বাংলাদেশ) থেকে এপার বাংলার কোনো অনুষ্ঠানে আসব। এছাড়া নিজের অভিনয়ের কথা বলতে গিয়ে একপর্যায়ে ইচ্ছা প্রকাশ করেন, ভারতে এসে একদিন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই।

হিরো আলমকে পেয়ে উচ্ছ্বাস দেখা যায় সমরেশগঞ্জের মানুষের মাঝে। তাকে দেখার জন্য আশপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। এছাড়া অনেকে সেলফি তোলার জন্যও ঝাঁপিয়েও পড়েন।

রায়গঞ্জের গোয়ালপোখর থেকে হিরো আলমের অনুষ্ঠান দেখতে এসেছিলেন রবিউল মণ্ডল। তিনি বলেন, ‘‘আমরা হিরো আলমের ভক্ত। ওঁর সঙ্গে দেখা করতে বাংলাদেশ যেতে পারব না। তাই পাশের জেলায় উনি এসেছেন শুনে ছুটে এলাম।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *