আসিফের মনোকষ্ট ঘোচালেন আর্জেন্টিনা সমর্থক পুত্রবধূ

ব্রাজিলের সমর্থক সংগীতশিল্পী আসিফ আকবর পরিবার। সেই শৈশব থেকেই দেখে এসেছেন, তাঁর মা-বাবাসহ পরিবারের প্রায় সবাই ব্রাজিলের সমর্থক। কেউ কেউ জার্মানি, ইতালির সমর্থন করলেও পরিবারে কখনো আর্জেন্টিনার সমর্থক ছিল না। এটা ছিল আসিফের কষ্ট।

৪০ বছরের এই কষ্ট এবার ঘোচালেন এই গায়কের পুত্রবধূ। পরিবারের একমাত্র আর্জেন্টিনার সমর্থক নিয়ে বেশ মজার ঘটনা ঘটছে।

এ নিয়ে আসিফ তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে এই গায়ক বলেন— ‘‘আর্জেন্টিনার কোনো সাপোর্টার নেই ঘরে, কষ্টদায়ক ব্যাপার একটু। গতকালই খবর পেলাম, বউমা ঈশিতা আর্জেন্টিনার সমর্থক, অবশ্য এই বিষয় নিয়ে তার ‘ব্রাজিলিয়ান’ স্বামীর সঙ্গে এখনো সাংঘর্ষিক কোনো কিছু দৃশ্যমান হয়নি। শ্বশুর হিসেবে আমি স্বাগত জানিয়েছি।’’

ঈশিতা আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রণর স্ত্রী। সম্প্রতি ইসমত শেহরীন তালুকদার ঈশিতার সঙ্গে ছেলের বিয়ে দিয়েছেন আসিফ।

সমর্থকদের আক্রমণাত্মক আচরণে হতাশ আসিফ। তা উল্লেখ করে এই শিল্পী বলেন, ‘চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ ফিরে আসে গ্রেটেস্ট শো অন আর্থ আখ্যা নিয়ে। ক্রিকেট খেলা শিখেছি, নিজে স্পোর্টিং মেন্টালিটির। ইদানীং খেলাধুলার মূল স্পিরিট অভদ্র লেভেলের তর্কে পৌঁছে গেছে। সমর্থকদের আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিমূহুর্তে স্পোর্টিং স্পিরিট নিহত হচ্ছে। অথচ বিশ্বভ্রাতৃত্বের সিম্বলিক যথার্থতা খোঁজা হয় বিশ্বসেরা এসব টুর্নামেন্টে।’

১৯৮২ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন আসিফ। খেলা নিয়ে প্রতিবারই উৎসাহ দেখিয়েছেন। প্রতিবারের মতো এবারো বাসার লোকজন উৎসবমুখর পরিবেশে খেলা দেখবেন। তা জানিয়ে আসিফ বলেন, ‘খেলা নিয়ে আনন্দ করুন, সমালোচনা করুন, মজা করুন, স্মার্ট সমর্থক হিসেবে অন্য দলের সমর্থকদেরও সম্মান দিন। যেকোনো স্পোর্টস নিছক বিনোদন নয়, জীবনযুদ্ধের বৈশ্বিক কাঠিন্যের বিরুদ্ধে কিছুটা আনন্দ পাওয়ার জন্য এক মহাবিদ্রোহ। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা শত্রুতা তৈরির ক্ষেত্র নয়। তাই আর কোনো মূর্খতা নয়, বি স্পোর্টিং।’

‘আমার আশেপাশে আর্জেন্টাইন সাপোর্টারের সংখ্যা আশঙ্কাজনক। জার্মানি-ইতালির কিছু জেনুইন সাপোর্টারও ফসিল হিসেবে টিকে আছে। আজকে আর্জেন্টাইন বন্ধুদের কাছে মুচলেকা দিয়েছি— ব্রাজিল ভালো না খেললেও তাদের সঙ্গে অসৌজন্যতা করবো না। যদি করি তাইলে তারা বাসায় খেলা দেখবে, আমাকে বয়কট করবে। এই ধরনের হুমকির মুখে আরো স্পোর্টিং হওয়ার শপথ নিতেই হয়েছে।’ বলেন আসিফ আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *