জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই। আজ রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ২৪ বছর।

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর জ্ঞান ফেরেনি।

রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সেই সময় হাসপাতালে ছিলেন তার মা-বাবা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্‌যন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বার বার। শনিবার (১৯ নভেম্বর) রাতে বার দশেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা।

গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে তার অনুরাগীদের মাঝে। তবে নতুন করে আশায় বুক বেঁধেছিলেন অনেকে। দুবার ক্যান্সার জয়ী অভিনেত্রী ফের হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন মানুষের মনে এই বিশ্বাস গেঁথে দিয়েছিলেন- ঐন্দ্রিলাকে এত সহজে ছুঁতে পারবে না মৃত্যু!

ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগে ঐন্দ্রিলা দীর্ঘদিন লড়াই করেছেন। হাসপাতালে সার্বক্ষণিক পাশে ছিলেন প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী।

ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক দেখেও আশায় বুক বেঁধেছিল পরিবার ও তার প্রেমিক। সেই আশায় ভর করেই সব্যসাচী লিখেছিলেন, ‘নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।’ কিন্তু ঐন্দ্রিলা পরপারে পাড়ি জমালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *