ব্রাজিলের ৭ গোল খাওয়ার কথা মনে পড়লে মন খারাপ হয়: মিম

আজ থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ নিয়ে দেশে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চলছে। তারকারাও কম যান না। তাদেরও নিজের পছন্দের দল ও খেলোয়াড় রয়েছে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পছন্দের দল ব্রাজিল। তবে মেসির খেলা তার ভালো লাগে।

ফুটবল নিয়ে তার অনেক স্মৃতি রয়েছে। এর মধ্যে দুঃখের স্মৃতি হলো ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭ গোলে হেরে যাওয়া।

তিনি বলেন, ‘প্রিয় দল হেরে গেলে মন খারাপ হবেই। তবে এর মধ্যে সবচেয়ে খারাপ স্মৃতি হলো ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। ওই ম্যাচে ব্রাজিল সাত গোল খেয়েছিল। আমার মনে হয়, প্রতিটি ব্রাজিল-ভক্তের মন সেদিন ভারাক্রান্ত হয়েছিল। সত্যি বলতে আমি নিজেও সেদিন অনেক কেঁদেছি।’

তিনি আরও বলেন, “বাসায় আমরা খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছিলাম। প্রিয় দলের খেলা; বাঁচা-মরার লড়াই! জার্মানির বিপক্ষে সেদিন জিতলেই ফাইনাল। এ কারণে হাতে কোনো কাজ রাখিনি। বলা যেতে পারে প্রস্তুতি নিয়েই খেলা দেখতে বসেছিলাম। আমার বোন ছিল আর্জেন্টিনার সাপোর্টার। ফলে এ নিয়ে দুজনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল।

ম্যাচটা ছিল ব্রাজিলের নিজেদের মাটিতে। ভেবেছিলাম ব্রাজিল বেশ ভালোভাবেই জিতবে। ফলে বাজি ধরেছিলাম। ও (বোন) জার্মানির পক্ষ নিলো। আমি আসলে এই ম্যাচ নিয়ে ‘ওভার কনফিডেন্ট’ ছিলাম। কিন্তু খেলা দেখতে বসে ঘটলো উল্টো ঘটনা! একটার পর একটা গোল খেতে লাগলো ব্রাজিল। আমার বোনের আনন্দ তখন দেখে কে! সে আমাকে ইচ্ছামতো পচাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছিলাম।”

এদিকে এবার বিশ্বকাপ মিমের জন্য বাড়তি আনন্দের। কেননা, তার স্বামী সোনি পোদ্দারও ব্রাজিল দলের সমর্থক। মিম বলেন, ‘আমার স্বামীও ব্রাজিলের সাপোর্টার। এবার ওর সঙ্গে খেলা দেখব। ব্রাজিলের খেলা যখন থাকে চেষ্টা করি সব কাজ রেখে খেলা দেখার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *