ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি: ফারিয়া শাহরিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সর্বমহলে। এর জন্য অবশ্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে এই নায়িকাকে।

দর্শকপ্রিয় ধারাবাহিকটির সিজন-৪ এর ৯৯তম এপিসোডে চরিত্রের প্রয়োজনে ফারিয়াকে একাধিকবার সজোরে চড় মারেন অভিনেতা মিশু সাব্বির। ফেসবুকে সেই চড় খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ব্যাচেলর পয়েন্টে ফারিয়ার চরিত্রের নাম ‘অন্তরা’ আর মিশু সাব্বির অভিনয় করছেন ‘শুভ’র ভূমিকায়। নাটকটিতে শুভ-অন্তরার রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। দিন তিনেক আগে ৯৯তম এপিসোড প্রকাশিত হওয়ার পর অন্তরাকে চড় মারার দৃশ্য নিয়ে আলোচনায় মাতেন তারা।

ফারিয়া শাহরিন লিখেছেন, ‘নাটকের ৯৯তম পর্বে চড়ের দৃশ্যে প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো আসল কি না। অবশ্যই আসল। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।’

তিনি আরও বলেন, ‘দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। এত জোরে চড় খেয়েও আমি খুশি। দর্শকের ভালোবাসার বিনিময়ে ভবিষ্যতে এমন আরও চড় খেতেও আমার কোনো আপত্তি নেই।’

এ ছাড়া, ফারিয়া শাহরিনকে এনটিভিতে প্রচারিত ‘চিরকুমার-চিকু সংঘ’ ধারাবাহিকে নাটকে নিয়মিত দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *