ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন। মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপস্থাপিকা ইসরাত পায়েলকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। তবে পায়েলের সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ তুলেছেন। যা নিয়ে সোশ্যালে শুরু হয় নানা বিতর্ক।
মীর সাব্বিরের মন্তব্যটি নিয়ে নেটিজেনদের একাংশ নেতিবাচক মন্তব্য করেন। আবার তার মন্তব্য বিনোদন ব্যতীত অন্য কোনো উদ্দেশে ছিল না উল্লেখ করে দর্শক থেকে ইন্ডাস্ট্রির অনেক তারকা পর্দার জনপ্রিয় এই তারকার পাশেও দাঁড়িয়েছেন।
এবার সহকর্মী মীর সাব্বিরের পাশে দাঁড়ালেন ছোটপর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে অভিনেতার প্রশংসামূলক বিষয়গুলো তুলে ধরেন উর্মিলা।
অভিনেত্রী লেখেন, “মীর সাব্বির ভাই আমার একজন প্রিয় সহকর্মী, বড় ভাই। তিনি এমন একজন মানুষ, যার ব্যাপারে কোনো সহশিল্পীর কোনো অভিযোগ নেই। তার একজন নারী সহশিল্পী হিসেবে আমি বলতে পারি, সবসময় অভিভাবকের মতো উনার সহযোগিতা পেয়েছি। অনেক শিল্পীর বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। কোনো স্বার্থ ছাড়াই, ইন্ডাস্ট্রির স্বার্থের কথা বিবেচনা করে, ভালোর জন্য অনেক নতুন পরিচালক ও অভিনয়শিল্পীকে ব্রেক দিয়েছেন মীর সাব্বির ভাই।”
তিনি আরও লেখেন, “তিনি সবসময় খুব মজা করে, খুব রসিকতা করে কথা বলেন। উনার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, সহকর্মী, আমরা যারা তাকে চিনি আমরা সবাই এটা জানি। সেদিন তিনি রসিকতা করেই কথাটা বলেছিলেন। একজন নারী শিল্পী হিসেবে সবসময় তার কাছে অনেক সম্মান পেয়েছি। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, কাউকে কষ্ট দেবার জন্য বা কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য তার ছিল না।”
