ফিরছি প্রিয় মাতৃভূমিতে: শাকিব খান

দীর্ঘ ৯ মাস পর বুধবার (১৭ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। ঢালিউড সুপারস্টারের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে প্রস্তুত তারা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দেশের উদ্দেশ্যে বিমানে উড়াল দিয়েছেন শাকিব। এরমধ্যেই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমাববন্দরে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি।

ছবির সঙ্গে মনের কিছু অনুভূতিও প্রকাশ করেছেন। যেখানে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রে থাকার সময়টায় নিজেকে নতুন করে চেনার, মানুষকে জানার আর ভক্তদের ভালোবাসার কথা।

শাকিব লিখেছেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত ৯টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

নতুন কিছু শুরুর আগে কিছুটা বিচ্ছিন্ন থাকতে হয় বলে মনে করেন শাকিব। বলেন, ‘তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল!’

কারা আপন আর কারা কাছে থেকেও দূরের সেটা এ নয় মাসে বুঝতে পেরেছেন দাবি করে শাকিব বলেন, ‘দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নি:স্বার্থভাবে ভালোবেসেছে।’

শাকিব খানের মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল।

তিনি বলেন, ‘এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাস সেখানে ছিলেন। দেশটি থেকে সেখানকার গ্রিন কার্ড (নাগরিকত্ব) লাভ করেছেন।

এর মধ্যে শাকিব খানের তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।

জানা যায়, শাকিব খান ১৭ আগস্ট দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন। , দেশে ফিরে শাকিব তার পরিবারকে সময় দেবেন।

প্রস্তুতি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) থেকে সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ (সম্ভাব্য নাম) নামে নতুন ছবির শুটিং শুরু করবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *