আমি দর্শকদের স্বপ্ন ভঙ্গ করতে চাই না: পারসা ইভানা

রিয়্যালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন পারসা ইভানা। নাচের প্লাটফর্ম থেকে বেরিয়ে টুকটাক অভিনয় শুরু করেন তিনি। নাচ ছাপিয়ে তখনই স্বপ্ন দেখতেন, একদিন অভিনেত্রী হবেন। পারসা ইভানার সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই।

গত কয়েক বছরের ইভানা হয়ে উঠেছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রীদের একজন। তাকে পাওয়া গেছে নানামাত্রিক চরিত্রে। দর্শকের নজরে আসার পর নতুন স্বপ্ন দেখতে থাকেন সেরা নাচিয়ের মুকুটজয়ী এই মেয়েটি।

কথা প্রসঙ্গে ইভানা জানান, তার ভীষণ ইচ্ছে ছিল কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এ যুক্ত হবেন। অবশেষে হতে পারলেন। ধারাবাহিকটির সিজন ফোরে ১৫তম এপিসোড থেকে ইভা চরিত্রে হাজির হয়েছেন পারসা ইভানা।

এদিকে গত দুই ঈদে ব্যাডবাজ ও গুডবাজ নামের দুই নাটকে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন পারসা ইভানা। ব্যাডবাজ নাটকটি এই মুহূর্তে বাংলাদেশের ইউটিউবে জনপ্রিয়তার তালিকায় এক নম্বরে অবস্থান করছে। সম্প্রতি নাটক দুটিসহ বিভিন্ন বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।

প্রশ্ন: সামি ও ফারিয়া কিংবা কাবিলা ও ইভা এই জুটিকে বাস্তবেও দেখতে চায় দর্শকরা। অন্তত নাটকগুলোর মন্তব্য বাক্সে এমন অজস্র মন্তব্য দেখা যায়, এ বিষয়ে আপনার বক্তব্য কী?

পারসা ইভানা: আমিও অজস্র এমন মন্তব্য দেখেছি। সামি ও ফারিয়াকে বাস্তবেও তারা সঙ্গে দেখতে চায় কিংবা কাবিলা ও ইভা বাস্তবে বিয়ে করুক এমন মন্তব্য দেখেছি। আমি মজা পেয়েছি। হয়তো দর্শকরা নিজেদের কল্পনার জগৎ বা চিন্তা থেকে এমনটা দেখছেন। আমার উচিত হবে তাদের কল্পনা ভেঙে না দেওয়া। তার মানে হচ্ছে, এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি দর্শকদের স্বপ্ন ভঙ্গ করতে চাই না।

প্রশ্ন: ব্যাচেলর’স কোরবানি নাকি গুডবাজ- কোনটা সেরা?

পারসা ইভানা: আসলে দুটোতেই সাড়া পাচ্ছি ভালো। সবচেয়ে বড় কথা, শুধু অভিনয় করে এত সাড়া পাব আমি স্বপ্নেও ভাবিনি। ব্যাচেলর পয়েন্ট আমাকে যা দিয়েছে তা আমি বোঝাতে পারব না। এত এত রেসপন্স, এত এত মানুষের ভালোবাসা, প্রতিক্রিয়া। এবারে তুলনামূলক গুডবাজের প্রতিক্রিয়াটা বেশি পাচ্ছি।

প্রশ্ন: দৃশ্যের শেষভাগে কান্না করেছেন, দর্শকদেরও আবেগে ভাসিয়েছেন- আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল?

পারসা ইভানা: আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে বসে খুব গভীর মনোযোগে আমার অভিনয় দেখেন। তিনি ব্যাচেলর পয়েন্টের প্রতিটি পর্ব দেখেন। আমার অভিনয় দেখে মা আমাকে অ্যাপ্রেশিয়েট করেন। এটা আমার জন্য একটা বড় পাওয়া। আমার পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন সবাই আমার অভিনয় দেখেন; আমার কাজের অনুপ্রেরণা জোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *