সিলেট সুনামগঞ্জের ভয়ানক বন্যায় এরইমধ্যে শোবিজের বেশ কয়েকজন তারকা সহায়তার হাত বাড়িয়েছেন। সেই তালিকায় নতুন নাম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি ২০০ বানভাসি মানুষের জন্য খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে পাঠিয়েছেন।
ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ খবর জানিয়েছেন মুনিরা মিঠু। সঙ্গে প্রকাশ করেছেন ক্ষোভ।
অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন শিল্পী, শিল্পপতি নই। গুটি কয়েকজনকে দেখি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন যে, বন্যার্তদের সাহায্য না করে আমরা শিল্পীরা রংঢং করছি। তারা ব্যক্তি মনিরা মিঠুকে চেনেন না, জানেন না। জানানোর প্রয়োজন বোধ করছিলাম না। কিন্তু এখন তাদের না জানিয়ে পারছি না। সহ্যের বাইরে চলে গেছে।’
বন্যার্তদের সাহায্য প্রসঙ্গে মনিরা মিঠু লিখেছেন, ‘আমি বন্যার্তদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুযায়ী। একটা খাসি কিনে চাল, ডাল দিয়ে খিচুড়ি রেঁধে যেন অন্তত ২০০ লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছি বিশ্বস্ত লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!’
জনপ্রিয় এই অভিনেত্রী আরও লিখেছেন, “আমি এই মাসে বন্যার্ত ছাড়াও ভয়ংকর বিপদগ্রস্ত হাসপাতালে আমার কলিগকেও সাহায্য করেছি, আমার সামর্থ্যর বাইরে গিয়ে, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর নামে, রিজিকের মালিক আল্লাহ!”
