কোরবানি ঈদে পাশা-কাবিলাদের নতুন চমক

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ সাফল্যের সঙ্গে সিরিজটির চতুর্থ সিজনের প্রচার হচ্ছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকাণ্ডে বিনোদিত হচ্ছে দর্শক। এর মধ্যেই এসব চরিত্রে অভিনয় করা শিল্পীদের নিয়ে নতুন নাটক নির্মাণের খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।

আসছে কোরবানি ঈদে নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও ব্যাচেলরদের ঘিরে। নাম দিয়েছেন ‘ব্যাচেলর কোরবানি’।

কাজল আরেফিন অমি তার ফেসবুকে নাটকটির শুটিংয়ের একটি ক্লিপ শেয়ার করে জানিয়েছেন, কোরবানির ঈদ মাতাতে ভিন্ন আঙ্গিকে আসছে ব্যাচেলররা।

অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই বিশেষ পর্বে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে এ সমস্ত কিছু।

বিশেষ এই নাটকেও থাকছেন ব্যাচেলর পয়েন্টের তারকারা। মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। বরাবরের মতো এটিও দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, গত মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৬টি পর্ব প্রচার হয়েছে। প্রতিটি পর্বই লুফে নিচ্ছেন দর্শক। যার প্রমাণ মেলে ইউটিউবে নাটকটির পর্বগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *