বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

ঢাকা: বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। পাশাপাশি দেশের ১৫ টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনাও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আগামী দুই মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ধর্ম মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সাম্প্রতিক সময়ে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেয়ার ঘটনা ঘটে, যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি করে। পরে এসব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এদিন আদালত বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। সব ধর্মের মানুষের এখানে সমান অধিকার। ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রাষ্ট্র কর্তৃক সে অধিকার সমুন্নত রাখা একটি সাংবিধানিক দায়িত্ব। বোরকা বা হিজাব পরায় শিক্ষার্থীদের আদৌ হেনস্থা করা হয়েছে কি না এবং হেনস্থা করা হয়ে থাকলে এর পেছনে কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *