অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর আরও দুটি সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি। এগুলো হলো-‘জ্বলে জ্বলে তারা’ ও ‘কাজল রেখা’।
পাশাপাশি কলকাতার চারটি সিনেমায়ও কাজ করেছেন-‘মায়া’, ‘আ রিভার ইন হ্যাভেন’, ‘আয় খুকু আয়’ ও ‘নীতিশাস্ত্র’। তবে সিনেমাগুলোর কোনোটিই এখনো মুক্তি পায়নি। ফলে বড় পর্দায়ও অভিষেক হয়নি তার।
অবশেষে নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন মিথিলা। আগামী ১৭ জুন তার অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে মিথিলা জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে।
গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে যায়। অবশেষে সিনেমা হলে আসছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’।
নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।
