এখন বুঝে শুনে পথ চলতে চাই: নায়িকা কেয়া

সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই বেশি পরিচিত। দর্শকপ্রিয় নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন এ নায়িকা।

ক্যারিয়ারের শুরুতেই নায়ক হিসেবে পান রিয়াজ ও আমিন খানকে। এরপর শাকিব খানের বিপরীতেও অভিনয় করেন তিনি। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। গ্ল্যামার, অভিনয়, নাচ সব দিক দিয়ে দক্ষ এই নায়িকা হঠাৎ করেই চুপ হয়ে যান।

এদিকে মধ্যে বিরতি নিলেও গত কয়েক বছর ধরে তিনি ফের সরব চলচ্চিত্রে। এরইমধ্যে পাঁচটি ছবির কাজ শেষ করেছেন কেয়া। সব মিলিয়ে কেমন আছেন? কেয়া বলেন, খুব ভালো আছি।

ব্যস্ততা কি নিয়ে? এ নায়িকা বলেন, আপাতত কোনো শুটিং করছি না। বলতে পারেন কিছুটা ছুটির মুডে আছি। মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি। তবে ব্যস্ত থাকলে ভালো থাকি আমি। দ্রুতই হয়তো কাজ নিয়ে ব্যস্ত হবো

নতুন কাজের কথা হচ্ছে? এ নায়িকা বলেন, বেশ কিছু সিনেমা নিয়ে কথা চলছে। তবে এই সময়ে এসে একটু বুঝে শুনে পথ চলতে চাই। এখনও কোনো ছবি পাকাপাকি করিনি। দ্রুতই সেটা করবো।

শিল্পী সমিতির কাজ কেমন চলছে? কেয়া বলেন, শিল্পীরা আমাকে কার্যনির্বাহি সদস্য হিসেবে নির্বাচিত করেছে। এরই মধ্যে কয়েকবার বসেছি আমরা। শিল্পীদের জন্য কাজ করার নানা পরিকল্পনা চলছে। আশা করছি ভালো ভালো কাজ হবে সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *