আমি বিব্রত, শিগগিরই আইনি পদক্ষেপ নেব: হানিফ সংকেত

নন্দিত উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই ফেসবুকে অনেকে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন।

হানিফ সংকেত স্বয়ং এ সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন। ‘আমি বিব্রত’ বলেছেন তিনি।

মঙ্গলবার রাতে থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বিষয়টি জানার পর অনেকেই তাৎক্ষণিকভাবে সংবাদটি শেয়ার করেন।

এমন সংবাদ ছড়িয়ে পড়ায় হানিফ সংকেত দুঃখ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে অনেকের ফোন কল পেয়েছি। কি বলবো আমি খুবই বিব্রত! এর আগেও এমন ঘটনা ঘটেছে অনেককে নিয়ে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।’

এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বলেন, ‘ইতোমধ্যেই আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেওয়া হয়। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানোটা সত্যি দুঃখজনক।’

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত। তিনি বলেন, মানুষ যে এত খারাপ! ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ।’

উপস্থাপক হিসেবে হানিফ সংকেত অসামান্য খ্যাতি লাভ করেছেন। তার সঞ্চালিত ‘ইত্যাদি’ দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়া তিনি বহু নাটক নির্মাণ করেছেন। তাকে দেখা গেছে সিনেমায় অভিনেতা হিসেবেও।

লেখক হিসেবে হানিফ সংকেতের পরিচিতি মোটা দাগে উল্লেখযোগ্য। ১৯৯৫ সাল থেকে তিনি বই প্রকাশ করে আসছেন। তার রচিত গ্রন্গুথের সংখ্যা এক ডজনের বেশি।

সামাজিক কার্যক্রমের জন্য হানিফ সংকেত ২০১০ সালে সম্মানজনক রাষ্ট্রীয় মর্যাদা একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৪ সালে তিনি জাতীয় পরিবেশ পদক লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *