চিকিৎসক থেকে নায়িকা হতে এসে বিড়ম্বনায় মাহা

চিকিৎসক থেকে নায়িকা হতে এসেছিলেন মাহা। এ নিয়ে ঢালিউডে তৈরি হয় মৃদু চাঞ্চল্য। ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই নবাগত নায়িকা। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এসে পড়লেন এক বিড়ম্বনায়। শুটিংয়ে হঠাৎ চোট লাগে তাঁর। দৌড়ের শট দিতে গিয়ে মচকে গেছে ডান পা। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় জানা যায়, পা ভেঙে গেছে।

রোববার রাতে ঢাকার আমিনবাজার এলাকায় ‘পাপ’ ছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে। এরপর থেকে মাহার অংশের শুটিং বন্ধ রয়েছে। শিডিউল বদলে অন্য শিল্পীদের নিয়ে কাজ এগিয়ে নেবেন পরিচালক।

ঘটনা নিশ্চিত করে পরিচালক সৈকত নাসির জানান, দৌড়ের চারটি শট নেওয়া হয়ে গিয়েছিল। শেষে একটি অ্যাঙ্গেল শট নিতে গিয়েই এই দুর্ঘটনা।

তিনি বলেন, ‘মাহার কপালটাই খারাপ। দৌড়ের সব শটই নিয়েছিলাম। অ্যাঙ্গেল শটটি নেওয়া হলেই ওই দৃশ্য শেষ হয়ে যেত। কিন্তু তা আর হলো না। ঘটনার পর ওই দিন আর কোনো কাজ এগোয়নি। শুটিং প্যাকআপ করেছিলাম।’

দুর্ঘটনার দিনসহ মাহা চার দিন শুটিং করেছেন। ছবিতে তাঁর অংশের কাজ শেষ করতে আরও এক সপ্তাহ লাগবে।

এ ব্যাপারে পরিচালক বলেন, ‘শুনেছি, মাহাকে দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। তিনি হাঁটাচলা করতে পারবেন না। তাই শিডিউলে পরিবর্তন এনে অন্য শিল্পীদের অংশের কাজ করছি। আশা করছি মাহা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং কাজে ফিরবেন।’

এ ব্যাপারে মাহা বলেন, ‘আমি প্রথমে মনে করেছিলাম শুধু মচকেছে। ততটা গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পর দেখি পা ফুলে যাচ্ছে, ব্যথা বাড়ছে। এরপর দ্রুত হাসপাতালে গেলাম। আমি যেহেতু নিজেও ডাক্তার, সেখানে পরিচিত ডাক্তার ছিলেন। পরীক্ষা করার পর দেখা গেল পায়ের গোড়ালির জয়েন্টের কাছে হাড় ভেঙে গেছে। ডাক্তার হাঁটু পর্যন্ত প্লাস্টার করে দিয়েছেন।’

‘পাপ’ সিনেমাটিতে মাহার বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। এতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জাকিয়া মাহা। সবশেষ ২০১৫ সালে শোবিজে পা রাখেন তিনি। এতদিন পর বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে জানতে চাইলে নবাগত এ অভিনেত্রী বলেন, ‘আমাকে এমবিবিএস শেষ করতে হয়েছে। ডাক্তার হওয়ার পর আমার স্বপ্নপূরণের পথে হাঁটতে হয়েছে।’

মাহা জানান, ২০১৫ সালে বাংলাদেশ মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার। নড়াইলে পোস্টিং হয়েছিল কিন্তু যোগদান করেননি। বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করছেন। পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *