মোটরসাইকেল দুর্ঘটনায় সময়ের আলোর সাংবাদিক হাবীবুর নিহত

ঢাকা- দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। ওই পথচারীর তথ্যমতে, হাতিরঝিল এলাকার আকিজ বিল্ডিংয়ের পাশের ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন হাবীবুর রহমান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তার মুখে অনেক আঘাত ছিল। দেখে মনে হচ্ছে, তিনি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

এদিকে হাতিরঝিল থানার এসআই এনামুল হক সাংবাদিকদের বলেন, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢাল সংলগ্ন মসজিদের কাছে একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় বলে আমরা জানতে পারি। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীব রহমান সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

দৈনিক সময়ের আলোর হয়ে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছিলেন তিনি। সাড়াজাগানো প্রতিবেদনের জন্য তিনি সময়ের আলোর ‘মাসসেরা রিপোর্টার’ সম্মাননাও পেয়েছিলেন।

হাবীব রহমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক। ব্যক্তিগতজীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *