আবারও লকডাউন আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার আবারও লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে।

 

তিনি বলেন, “আমরা লকডাউন চাই না। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরও কঠোর হবে।”

 

শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্কই মূল হাতিয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন হয়তো আপনার মৃত্যুর ঝুঁকি কমাবে, কিন্তু সংক্রমণ থেকে ভ্যাকসিন সেভাবে সুরক্ষা দেয় না। কাজেই মাস্কই সংক্রমণে সুরক্ষা দেবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

 

বুস্টার ডোজ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘যারা দেশে ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনার, ডাক্তার, নার্স তাদের জন্য এ ডোজের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে এর কার্যক্রম শুরু হলো।’

 

‘আমরা চাই না ওমিক্রনের ধরন আমাদের দেশ ছড়িয়ে পড়ুক। এই ধরনকে রুখতে হলে সব ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

 

করোনার টিকাদানে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘আফ্রিকায় দেড় শ কোটি মানুষ বসবাস করে। সেখানে মাত্র সাড়ে সাত কোটি টিকা দিয়েছে। আর আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ৭ কোটি ৩৭ লাখ মানুষকে টিকা দিয়ে ফেলেছি।’

 

বুস্টার টিকাদানের সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রশাসনের প্রফেসর শামিউল ইসলাম, ইপিআর লাইনের পরিচালক মো. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন লুৎফর রহমান ও সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *