অবশেষে চাকা ঘুরল ঢাকা নগর পরিবহনের

নজর২৪, ঢাকা- বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহন চালু হলো। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে এই পরিবহন চালু করা হলো।

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রোববার (২৬ ডিসেম্বর) বাস রুট র‌্যাশনালাইজেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এ সময় কাদের বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি।

 

তিনি বলেন, আমি গত ১২ দিন হাসপাতালে ছিলাম। সেখানে থেকে রিলিজ হয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি। আমার উপস্থিতিতে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি এই সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।

 

প্রাথমিকভাবে ৫০টি বাস এই রুটে চলবে। পরে ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৩ সালের মধ্যে সারা শহরেই এই সেবা চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।

 

ঢাকা নগর পরিবহনে ঘাটারচর-কাঁচপুর রুটে প্রায় ২৭ কিলোমিটার দূরত্বে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সা হিসেবে ভাড়া পরিশোধ করতে হবে। কেউ যদি এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নামে তাহলে তাকে ১০ টাকা ভাড়া দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *