বিনোদন ডেস্ক- মাদককাণ্ড থেকে পুরোপুরিভাবে নাম সরে গিয়েছে, ফিল্মি কেরিয়ারও তড়তড়িয়ে এগোচ্ছে। সুখের দিন ফেরত এসেছে পরীমণির। এবার কলকাতা ভ্রমণের সুখস্মৃতিতে ডুব দিলেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী। কলকাতার রাস্তায় ঘোরার একগুচ্ছ ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
গত এপ্রিল মাসে ভারতে গিয়েছিলেন পরীমণি। হোলির শহরে নিজেও রঙ মেখে রাঙা হয়েছিলেন। সাদা জিন্স, একই রঙের ব্রালেট ও সাদার উপরে নীল প্রিন্টের শ্রাগ জড়িয়েছিলেন পরীমণি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চেপে পোজ দিয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের গাড়ি থেকে আইসক্রিম কিনে খেয়েছেন। অনুরাগীদের সঙ্গেও হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন পরীমণি।
গত কয়েকদিন ধরেই কলকাতা সফরের টুকটাক ছবি শেয়ার করছেন অভিনেত্রী। শহরে এসে পৌঁছানো থেকে হোটেলের ভেতরে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সাউথ সিটি মলে চুটিয়ে শপিং করেছেন। ইয়া বড় বিলের ছবিও দেখিয়েছেন তিনি। মনোবিদের কাছে যাওয়ার থেকে শপিং করায় খরচ কম হয় বলে মনে করেন তিনি।
