আর কোন ভক্ত যেন এমন পাগলামি না করে: শাকিব খান

বিনোদন ডেস্ক- শাকিব খান মানেই একটা আলাদা আমেজ একটা আলাদা অনুভুতি। কেউ তাকে ডাকে ভাইজান, কেউ বা তাকে কিং খান আবারও কেউ বা ডাকে মেগাস্টার। যে নামেই তাকে অভিহিত করা হোক না কেন, তার বিস্তৃতি সীমানা ছাড়িয়ে অনেক দূর।

 

গত সোমবার বিকেলে জামালপুরের বাকুরগ্রামের এক গৃহবধূ শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরে। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আ ত্ম হ ত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় উদ্ধার করেন।

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামে সোমবার (১১ অক্টোবর) বিকেলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। দেশব্যাপী এই ঘটনাটি আলোচিত হয়। শাকিব খানের কানেও পৌঁছায় এই ঘটনা। দেশের শীর্ষ নায়কের হৃদয়ে স্পর্শ করে ঘটনাটি।

 

তিনি আগ্রহ প্রকাশ করেন ওই গৃহবধূর সঙ্গে দেখা করার। শুধু তাই নয়, নৈশভোজেও আমন্ত্রণ জানাবেন বলে কথা দিয়েছিলেন। অবশেষে শাকিব কথা রাখলেন। শাকিবের দেখা পেয়েছেন ঐ গৃহবধূ।

 

শুক্রবার (১৫ অক্টোবর) চারটার দিকে সেই গৃহবধূর পুরো পরিবার এসেছিলেন কিং খানের শুটিং দেখতে। এ সময় শাকিব খানসহ পুরো শুটিং ইউনিট বেশ কিছু সময় কাটান সেই পরিবারের সঙ্গে। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

 

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে স্পর্শ করেছে এবং ভেতরে-ভেতরে খুবই কষ্ট পেয়েছি। এটা ভেবে যে,তাদের এই ভালোবাসা মূল্য কিভাবে দিবো আমি।তাঁর সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। আজ পুরো পরিবারসহ এসেছিল ওই নারী। কিছু সময় পার করেছি উনার পরিবারের সঙ্গে; ভালো লেগেছে।’

 

ভক্তদের সতর্ক করে শাকিব খান বলেন, ‘যা হয়েছে হয়েছে। সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে; আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’

 

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *