প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, আঘাত হানব আজই

নজর২৪ ডেস্ক- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ফলে ভারতের উড়িষ্যা, তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলেদের আগামী সোমবার পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়েছে, এই মুহূর্তে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। তা ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে প্রবল বেগে ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে।

 

আবহাওয়া দফতর জানিয়েছে, এই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) উড়িষ্যা দক্ষিণে এবং অন্ধ্র প্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে। তখন বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার।

 

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্য আবহাওয়া দফতর। ২০২১ সালের মধ্যে এটি বঙ্গোপসাগারে তৃতীয় ঘূর্ণিঝড় হতে চলছে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘গুলাব’ ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ এলাকায় আঘাত হানতে যাচ্ছে; বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হবে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগরে নিম্নচাপ আছে। সেটি ভারতে বেশি প্রভাব ফেলবে।

 

‘গুলাব’-এর প্রভাবে দেশে গরম কমবে জানিয়ে তিনি বলেন, ‘এই নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে তাতে গরম কমবে। তবে গুলাবের আঘাতে দেশে তেমন কোনো প্রভাব পড়বে না। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকবে আজ থেকে। কালকের মধ্যেই গুলাব নেমে যাবে।’

 

রাজধানী ঢাকাসহ এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। শনিবার বেলা ২টা থেকে রাজধানীতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। আকাশ মেঘে ঢাকা। থেমে থেমে আরও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *