আমার ভাইদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালিয়েছে আল জাজিরা: সেনাপ্রধান

নজর২৪, ঢাকা- হারিস ও আনিস আহমেদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ও অসৎ উদ্দেশ্যে তথ্য দিয়েছে আল জাজিরা। এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

 

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সেনাপ্রধান বলেন, আমার ভাইদের নামে যে অপপ্রচার চালানো হয়েছে খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধারা হবে। তিনি জানান, কেউ তার দণ্ড থেকে মুক্ত হলে একজন সাধারণ নাগরিকের মতোই বিবেচিত হবেন, ফলে তার ভাইদের ব্যাপারে আল জাজিরার তথ্য উদ্দেশ্যপূর্ণ ‍ও বিভ্রান্তিমূলক।

 

তিনি জানান, তিনি যখন মালয়েশিয়াতে ভ্রমণে যখন তার ভাইয়ের সাথে দেখা করেছিলেন তখন তার ভাই দণ্ড থেকে মুক্ত প্রাপ্ত হয়েছেন। তার ভাইয়ের মার্চ মাসে দণ্ড মওকুফ হয়েছে আর তিনি এপ্রিল মাসে তার সাথে দেখা করেছেন। ফলে তার সাথে দেখা করাটা কোনো দণ্ডপ্রাপ্ত আসামির সাথে দেখা করার ব্যাখ্যা দেয়াটা উদ্দেশ্যপূর্ণ। এ ব্যাপারে আলজাজিরা যে তথ্য দিয়েছে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দেয়া।

 

জেনারেল আজিজ আরও বলেন, তিনি যখন সেনাপ্রধান হিসেবে সফর করেন তখন তিনি অফিসিয়াল নিরাপত্তা প্রটোকল ব্যবহার করেন কিন্তু ব্যক্তিগত সফরে তিনি কোনো ধরনের প্রটোকল ব্যবহার করেন না। ফলে সে দুর্বলতার সুযোগ নিয়ে যারা ব্যক্তিগত ফুটেজ সংগ্রহ করেছে তারা অসৎ উদ্দেশ্যেই এমনটা করেছে।

 

সেনাপ্রধান আর বলেন, ‘আপনারা প্রশ্ন করেছেন, বারবার কেন আমাকে টার্গেট করা হয়। আমার মনে হয় সেটার দায়িত্ব আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারাই বুঝে নেন, খুঁজে নেন, কেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। কারণ, এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে।

 

তিনি বলেন, আমি সম্পূর্ণভাবে সচেতন যে, আমার কারণে যদি কখনো আমার ইনস্টিটিউশন, অরগানাইজেশন যেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন। যা কিছু আপনারা শুনছেন, এগুলোর কোনো প্রমাণ, এগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা কাট-পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারে। কিন্তু, তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। এবং সেটা আপনারা আপনাদের কলমের মাধ্যমে ইতোমধ্যে তাদেরকে জবাব দিয়েছেন এবং সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

 

আল জাজিরার প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশের যারা যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জেনারেল আজিজ বলেন, ‘কিছু কিছু ব্যাপার আছে যেটা হয়তো যে, সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন কিছু করার হয়তো থাকবে না তাদের বিরুদ্ধে। আমি নিশ্চিত সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থা যারা আছে, তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *