সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: করোনার ভ্যাকসিন গ্রহণে দেশের মানুষকে আস্থায় আনতে প্রধানমন্ত্রীসহ সাংসদদের আগে ভ্যাকসিন নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা মোকাবেলায় অনেক আগেই পরাজিত হয়েছে এই সরকার বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত সরকার করোনার ভ্যাকসিন প্রয়োগের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তৈরি করতে পারেনি, সর্বত্রই অনাস্থা অবিশ্বাস। শিল্পী সাহিত্যিক এবং দেশের সুশীল সমাজের নেতৃবৃন্দ করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অথচ বিত্তবানরা আছেন ভ্যাকসিন পাওয়ার লাইনে। এই হল ভ্যাকসিনের রোড ম্যাপ।
সোমবার বিকেল পৌনে পাঁচটায় রংপুরের ভিন্নজগতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত রংপুর বিভাগীয় কমিটির প্রস্তুতি সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলৈন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতদুষ্ট। তাদের দ্বারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সে কারণে আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছি।
চট্রগাম নির্বাচনের বিষয় তিনি বলেন, যদি নির্বাচনের পরিবেশ বজায় না থাকে তাহলে সিদ্ধান্ত নেবে দল। পুলিশের উপর ভর করে নির্বাচনে জেতার কারণেই পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে দেশ। কুষ্টিয়ার আদালত পুলিশের ব্যাপারে এই পর্যবেক্ষণ দেয়ায় আমরা আদালতকে ধন্যবাদ জানাই।
পরে তিনি প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
