হিন্দি সিনেমা আমাদের সিনেমাকে টেক্কা দিতে পারবে না: নিপুণ

ঈদুল আজহায় মুক্তি পাওয়া চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির বিশেষ শো। শোবিজ তারকাদের নিয়ে সিনেমাটি দেখেছেন মাহফুজ-বুবলীরা। এসময় হিন্দি সিনেমা বাংলা সিনেমা টেক্কা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিপুণ। হিন্দি সিনেমার আমদানি ঈদের সিনেমাগুলোকে ক্ষতির মুখে ফেলবে? এমন প্রশ্নের উত্তরে নিপুণ বলেন, ‘যখন হিন্দি সিনেমা আসছিল তখন হল মালিকরা কিন্তু আমাদের সাথে একটা কন্ডিশনে ছিলেন। হিন্দি ছবি এসেছে, চলেছে। আমাদের বাংলা সিনেমাও দর্শক দেখছে। আমি ঢাকার বাইরে শুটিংয়ে ছিলাম, সেখানে দেখলাম আমাদের ঈদের সিনেমাগুলো রান করেছে।’

চিত্রনায়িকা নিপুণ আরও বলেন, ‘আমরা এখন হলিউডের সিনেমার সাথে প্রতিযোগিতা করছি। হলিউডের সিনেমার শো কমিয়ে আমাদের বাংলা সিনেমার শো বাড়ানো হয়েছে। যেখানে আমরা হলিউডের সিনেমার সাথে প্রতিযোগিতা করতে পারছি সেখানে হিন্দি সিনেমা বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না। এটা আমার বিশ্বাস।’

দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। অনেকেই এর বিরোধিতা করেন। অবশেষে সকল প্রকার জটিলতার অবসান ঘটিয়ে গত ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সামনে আরও অনেকগুলো বলিউড সিনেমা মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। আমদানিকারক সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘প্রহেলিকা’ সিনেমার হাত ধরে দীর্ঘ আট বছরের আড়াল ভেঙেছেন মাহফুজ আহমেদ। এতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবিটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *