ভক্তদের সুখবর দিলেন শাকিব খান

গত মাসের ১৪ তারিখ দুবাই পাড়ি জমিয়েছিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। একটি অনুষ্ঠানে অংশ নিয়েই ছুটেছিলেন ‘সেকেন্ড হোম’ মার্কিন মুলুকে। তবে দিনকয়েক থেকেই দুবাই হয়ে দেশে ফিরলেন এ তারকা। গত বৃহস্পতিবার সকালে ঢাকায় নেমেছেন শাকিব। জানালেন, দ্রুতই শুটিং ফ্লোরে নামবেন তিনি।

এর আগে দুবাইয়ে মা-বাবাকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করেছেন শাকিব। সেখান থেকে ওমরাহ করতে যাওয়ার ভাবনা থাকলেও সেটি হয়নি। ফিরেছেন দেশে।

এই নায়ক জানান, নিজের প্রযোজিত ‘মায়া’ ও সানী সানোয়ারের ‘শের খান’র দিকেই আপাতত নজর তার। এর মধ্যে আগামী মাসে হতে পারে ‘শের খান’র কাজ। আর চলতি মাসে ‘মায়া’ ছবির প্রি-প্রোডাকশন চলবে। ছবিটির পরিচালক হিমেল আশরাফ। ২২ ফেব্রুয়ারি তিনি আমেরিকা থেকে দেশে ফিরবেন।

সিনেমাটির জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পূজা চেরীকে। এর আগে গত বছর তারা ‘গলুই’ সিনেমায় জুটি বাঁধেন।

অন্যদিকে ৩ নভেম্বর ‘শের খান’ ছবিতে চুক্তিবদ্ধ হন শাকিব। অভিনয়ের পাশাপাশি সিনেমার একাংশের প্রযোজকও তিনি। সিনেমাটি প্রোডাকশন হাউস ‘কপ ক্রিয়েশন’ থেকে নির্মাণ করা হবে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের তিনটি সিনেমা। তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকনের ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’।

লিডার সিনেমায় শাকিবের নায়িকা বুবলী, আগুন-এ জাহারা মিতু এবং অন্তরাত্মায় কলকাতার দর্শনা বণিক। তিন নির্মাতাই চাইছেন ঈদে সিনেমা মুক্তি দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *