সুখবর দিলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বছর প্রথমবারের মতো নিজের নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ সিনেমার সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন তিনি।

বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তাঁকে সঙ্গ দিয়েছেন সাইমন সাদিক।

ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে, চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা তাঁর। সে লক্ষ্য সামনে নিয়েই কাজ এগিয়ে নিচ্ছেন অপু। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *