সত্যি কথা বলতে একটা চাপের মধ্যে আছি: চঞ্চল চৌধুরী

উপমহাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে তার বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

ইতিমধ্যে সিনেমাটি প্রথম লটের শুটিং শুরু হয়েছে। যার কারণে বর্তমানে কলকাতায় রয়েছেন চঞ্চল চৌধুরী। সেখান থেকে সংবাদমাধ্যমের কাছে ৩ দিনের শুটিং অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

চঞ্চল চৌধুরী বলেন, ‘সৃজিত মুখার্জীর পরিচালনায় প্রথমবার অভিনয় করছি। অসম্ভব রকমের মেধাবী একজন পরিচালক। মৃণাল সেনের ওপর তার দখল অনেক। আমাকে প্রতিদিনই কোনো না কোনো বই দিচ্ছেন। সিডি বা ডিভিডি দিচ্ছেন। যেন বেশি বেশি জানতে পারি মৃণাল সেনকে।’

‘৩ দিন শুটিং করেছি। ৩ দিনে ভালো শুটিং হয়েছে। পদাতিক সিনেমার জন্য পরিচালক খুব শ্রম দিচ্ছেন। মৃণাল সেন শুধু ভারতের একজন নামকরা নির্মাতা নন, বিশ্বখ্যাত একজন নির্মাতা। সত্যজিত রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন ৩ বিশ্বমানের নির্মাতা।’

চঞ্চল বলেন, ‘সত্যি কথা বলতে একটা চাপের মধ্যে আছি। কেন না, পদাতিক সিনেমার যেরকম হাইপ উঠেছে সবখানে, সেজন্য চাপটা বেশি। প্রত্যাশার চাপটা বেশি। অমিতাভ বচ্চন পোস্টার শেয়ার করার পরই হাইপটা উঠেছে বেশি করে। আমাদের সবার চাপও বেড়ে গেছে।’

‘কলকাতায় শুটিং শুরু করেছি। ৩ দিনের শুটিং শেষ হলো। আজ শুটিং নেই। আগামীকাল থেকে ফের শুটিং শুরু করব। পুরো টিম সহযোগিতা করছে। ভীষণভাবে কেয়ার নিচ্ছেন আমার। থাকা, খাওয়া থেকে শুরু করে যাতায়াত সবকিছুর কেয়ার করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *