নিজের আক্ষেপের কথা ফেসবুকে লিখলেন ফারুকী

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার ‘শনিবার বিকেল’ সিনেমাটি নির্মাণের চার বছর হয়ে গেছে। এখনও মুক্তির মুখ দেখেনি ছবিটি। তা নিয়ে পরিচালক ও শিল্পীদের মধ্যে বেশ আক্ষেপ কাজ করছে। সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে দেশের ১৩০ জন সংস্কৃতিকর্মী বিবৃতি দেন।

এবার নির্মাতা নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শনিবার বিকেল’ নিয়ে জানালেন তার আক্ষেপের কথা।

একটি স্ট্যাটাসের মাধ্যমে ফারুকী বাংলাদেশ ও তথ্য মন্ত্রণালয়কে উদ্দেশ করে লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। আর এই বঙ্গ দেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।

আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ঐ ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’

এরপর সবাইকে ধন্যবাদ দিয়ে ফারুকী আরও লেখেন, ‘ধন্যবাদ সবকিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।’

‘শনিবার বিকেল’ একটি নাট্যধর্মী থ্রিলার সিনেমা। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়। যেটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।

এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশাকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, সেলিনা ব্ল্যাক, নাদের চৌধুরী, ইরেশ যাকের, মামুনুর রশিদ, ইন্তেখাব দিনার, মনোজ ও গাউসুল আলম শাওনের মতো তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *