নতুন রূপে আসছেন ডিপজল

বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে দাপুটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ডিপজল। দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। নিজেকে খল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন তার কাজের মধ্য দিয়ে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা এবার হাজির হচ্ছেন তিনি একটি ওয়েব সিরিজে। এর নাম ‘কাবাডি’। নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার।

দীর্ঘদিন পর একটি ব্যতিক্রমধর্মী গল্পে কাজ করার প্রসঙ্গে ডিপজল বলেন, ‘জীবনে অনেক ধরনের গল্পে আমি অভিনয় করেছি। তবে রুবায়েতের এই কাবাডি গল্পটি আমার কাছে আলাদা লেগেছে। তাই কাজটি করার সিদ্ধান্ত নিই। আশা করি নতুন এক ডিপজলকে দেখবেন ভক্তরা।’

এ সময় ডিপজল তরুণদের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে এখন তরুণ নির্মাতারা ভালো কাজ করছে। তাদের সঙ্গে কাজ করতে পারলে আনন্দ হয়।’

নির্মাতা জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামি ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে নির্মিত।

এতে ডিপজল ও মিশা সওদাগর ছাড়া আরও অভিনয় করেছেন জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ, সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

জানা গেছে, চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *