কবে দেশে ফিরছেন নায়ক ফারুক

দেশ বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ দিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রায় দুই বছরের মতো হাসপাতলটিতে চিকিৎসা নিয়ে বেশ কিছুদিন ধরে সুস্থ আছেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক।

দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক সমকালকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছেন, চিকিৎসার বিল পরিশোধ করা হলে হাসপাতাল থেকে ছাড়পত্র মিলবে।

তিনি বলেন, ‌‘আপনাদের ফারুক ভাই এখন সম্পূর্ণ সুস্থ। শারীরিক কোনো জটিলতা নেই। দেশবাসীর দোয়া ছিল বলেই আমরা এখন তার হাসিমুখ দেখতে পাচ্ছি।’

দেশে ফেরার প্রসঙ্গে ফারহানা পাঠান বলেন, ‌‘দেশের মাটিতে ফিরতে তো সবারই মন চায়। চাইলেই কী ফেরা সম্ভব! সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসা নিচ্ছি। ওই হাসপাতালের চিকিৎসা অনেক ব্যয়বহুল। অনেক টাকা বিল হয়েছে। সম্পত্তি বিক্রি ও ব্যাংকের টাকা দিয়ে কিছু বিল দিয়েছি। এখন চেষ্টা করছি বাকি বিল পরিশোধের। সব বিল পরিশোধ করলেই কেবল হাসপাতাল থেকে ছুটি মিলবে।’

ফারহানা পাঠান আশা করছেন আগামী মার্চেই দেশে ফিরতে পারেন বরেণ্য এই অভিনেতা। ‘দেশে আসার জন্য ফারুক উদগ্রীব। জমে আছে সংসদীয় এলাকার অনেক কাজকর্ম। দেশে ফিরে কাজগুলো সারবেন বলেছেন। আগামী মার্চের মাঝামাঝি দেশে আসার ইচ্ছা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে টাকা সংস্থানের ওপর। দেখা যাক কী হয়।’ যুক্ত করেন তিনি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান বরেণ্য অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখন থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক।

প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *