এবার দুই আসন থেকে নির্বাচন করবেন হিরো আলম

বগুড়ায় বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করার পর দুটি আসন থেকেই উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বহুল আলোচিত ও সমালোচিত মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ার নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

হিরো আলম বগুড়া-৬ আসন (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

বগুরা সদর আসন থেকে নির্বাচন করার কারণ সম্পর্কে হিরো আলম বলেন, ‘আমার বাড়ি তো বগুড়া সদরে, সদরের এরুলিয়া ইউনিয়নে বাড়ি। তাই আমি এবার সদর থেকে নির্বাচন করবো। আর আগেরবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করেছি। তাই সেখান থেকেও নির্বাচন করবো। ’

হিরো আলম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়।

পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে তার ওপর হামলা হয়েছিল উল্লেখ করে এই আসনে উপনির্বাচন হলে আবারও প্রার্থী থাকবেন বলে জানিয়েছেন হিরো আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *